আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত সাতটি অভিযোগ দায়ের করা হয়েছে। এসব অভিযোগে তার সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুও অভিযুক্ত।
বুধবারই তিনটি অভিযোগ দায়ের হয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। সাতটি অভিযোগেই গণহত্যার কথা উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত রয়েছেন অনেকে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শেখ শাহরিয়ার বিন মতিনের নিহতের ঘটনায় বুধবারে যে অভিযোগ দায়ের হয়েছে তাতে অভিযুক্ত প্রায় ৫০০ জন।
ট্রাইব্যুানালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম অভিযোগ আসে ১৪ আগস্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইচ তানিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। গত ৫ আগস্ট সাভারে গুলিবিদ্ধ নবম শ্রেণির শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবিরের পক্ষে তিনি এ অভিযোগ দায়ের করেন। সিয়াম ৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
কোটা সংস্কার আন্দোলনে গত জুলাইয়ে চট্টগ্রামে হত্যা, গণহত্যা ও নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৭৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় চট্টগ্রামে নিহত ফয়সাল আহমেদের পিতা জাকির হোসেন এ অভিযোগ দায়ের করেন।
তার আইনজীবী হলেন গাজী এম এইচ তামিম। শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়া বাকি আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। অন্য আসামিদের মধ্যে রয়েছেন মাহতাব উদ্দিন আহমদ, আ.জ.ম নাছির উদ্দিন, রেজাউল করিম চৌধুরী, আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীসহ ৭৭ জন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ৮ ধারানুসারে আসামিদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। আইনের ৩(২) ও ৪(১)/৪ (২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
এছাড়া ১৮ ও ১৯ জুলাই রাজধানীর মিরপুরে সংগঠিত ‘গণহত্যায়’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরো দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একটিতে ৭০ জন এবং অপরটিতে ৭৩ জনকে আসামি করা হয়েছে।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে হত্যা ও গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অজ্ঞাত অস্ত্রধারী দলীয় নেতাকর্মী ও পুলিশ সদস্যসহ প্রায় ৫০০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় গণহত্যার অভিযোগ করা হয়েছে।
ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শেখ শাহরিয়ার বিন মতিনের নিহতের ঘটনায় তার পিতা মো. আব্দুল মতিন এ অভিযোগ দায়ের করেন। তার আইনজীবী মো. আসাদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
শেখ হাসিনা ছাড়াও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনুকেও অভিযুক্ত করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ৩(২) ও ৪(১) (২) ধারা অনুযায়ী, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করা হয়েছে।