লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য বরাদ্দ করা সব কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে, স্বল্প সময়ের মধ্যে আদেশ জারি করা হবে।

সচিব বলেন, আমরা ইতিমধ্যেই অভিবাসন ও পাসপোর্ট বিভাগকে নির্দেশ দিয়েছি। তারা ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং আশা করছি শিগগিরই আদেশ জারি করা হবে।

লাল পাসপোর্ট সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার, মন্ত্রী, সংসদ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা পেয়ে থাকেন। এর পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিদেশে বাংলাদেশি মিশনের কর্মকর্তা ও সরকারি বিশ্ববিদ্যায়ের উপাচার্যরাও লাল পাসপোর্ট পেয়ে থাকেন।

সংসদ সদস্যের পরিবারের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিলের বিষয়ে জানতে চাইলে সিনিয়র সচিব মশিউর রহমান বলেন, আমরা যেহেতু কূটনৈতিক পাসপোর্ট বাতিল করছি, এতে সাবেক মন্ত্রী-এমপির পরিবারের সদস্যদের পাসপোর্টও বাতিল হয়ে যাবে। যদি কেউ (কূটনৈতিক পাসপোর্টধারী) নতুন পাসপোর্ট নিতে চান, তাহলে প্রথমে লাল পাসপোর্ট জমা দিতে হবে এবং তারপর আইন অনুযায়ী একটি সাধারণ পাসপোর্ট ইস্যু করা হবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, লাল পাসপোর্ট বাতিল হয়ে গেলে সাবেক মন্ত্রী-এমপি যাদের নামে ফৌজদারি মামলা রয়েছে বা গ্রেপ্তার হয়েছেন তাদের সাধারণ পাসপোর্ট পেতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে।