সাবেক অর্থ ও বাণিজ্যমন্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও তার স্ত্রী কাশমিরী কামাল, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তার স্ত্রী আইরিন মালবিকা মুনশির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

এছাড়া চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হকের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে।

একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে দিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস), তার স্ত্রী কাশমিরী কামাল ও মেয়ে নাফিসা কামালের ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে।

পাশাপাশি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, তার স্ত্রী আইরিন মালবিকা মুনশি ও মেয়ে তানিয়া অন্যন্যা মুনশি এবং তৃষা মুনশির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

বিএফআইইউ হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

এদিকে চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হকের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে।