বন্যায় নিহত বেড়ে ২৭, ক্ষতিগ্রস্ত ৫৬ লাখ মানুষ

দেশের ১১ জেলায় চলমান বন্যায় এখন পর্যন্ত ২৭ জন মারা গেছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। নিখোঁজ রয়েছেন দুইজন। 

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেএম আলী রেজা। 

মৃতদের মধ্যে কুমিল্লায় ১০ জন, ফেনীতে একজন, চট্টগ্রামে ৫ জন, খাগড়াছড়িতে একজন, নোয়াখালীতে ৫ জন, ব্রাহ্মণবাড়িয়া একজন, লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিন জন মারা গেছেন।

তিনি বলেন, বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টিই আছে, উপজেলার সংখ্যা ৭৪টি। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন। পানিবন্দি পরিবার ১২ লাখ সাত হাজার ৪২৯টি।

আলী রেজা বলেন, আশ্রয় কেন্দ্রগুলোতে পাঁচ লাখ ৯ হাজার ৭২৮ জন রয়েছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে এ পর্যন্ত মোট নগদ সহায়তা হিসেবে তিন কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। 

এছাড়া ২০ হাজার ৬৫০ মেট্রিক টন চাল এবং ১৫ হাজার বস্তা শুকনো খাবার দেওয়া হয়েছে। শিশু খাদ্য দেয়া হয়েছে ৩৫ লাখ টাকার মতো। গো খাদ্য কেনার জন্যও ৩৫ লাখ টাকা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আগামী ২৪ ঘণ্টায় দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যার পানি কমবে বলে জানান এই অতিরিক্ত সচিব। বলেন, তবে সমুদ্রে একটি লঘু চাপ সৃষ্টির ফলে উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এতে নতুন কিছু এলাকা প্লাবিত হতে পারে।