কোটা সংস্কার আন্দোলন ঘিরে ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় মৃত্যু, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা তদন্তে হাই কোর্ট বিভাগের তিন বিচারপতির সমন্বয়ে তদন্ত কমিশন বাতিল করেছে সরকার।
মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশে এ কমিশন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
গত ১ অগাস্ট এক প্রজ্ঞাপনে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে ওই কমিশন গঠন করেছিলো তখনকার শেখ হাসিনা সরকার।
ওই কমিশনকে তদন্ত শেষ করে ৪৫ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিলো।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ১৬ জুলাই পর্যন্ত সহিংসতার তদন্তে প্রথমে এক সদস্যের বিচার বিভাগীয় কমিশন করে বিচারপতি দিলীরুজ্জামানকে দায়িত্ব দেয় সরকার। পরে আন্দোলন চলাবস্থায় দাবির মুখে সরকার কমিটির সদস্য ও তদন্তের আওতা বাড়ায়।
বিচারপতি দিলীরুজ্জামানের সঙ্গে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীকেও কমিশনে যুক্ত করা হয়।
ওই কমিশনের কাজ চলার মধ্যে গণআন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।