অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু বুধবার 

অবৈধ অস্ত্র উদ্ধারে সারাদেশে শুরু হচ্ছে অভিযান। আগামী বুধবার থেকে শুরু হবে অভিযান। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শেখ হাসিনার সরকারের পতনের পর বিভিন্ন থানায় হামলার ঘটনা ঘটে। এতে থানাসহ বিভিন্ন ইউনিট ও ডিউটিস্থল থেকে অস্ত্র লুটপাটের ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে।

এরি মধ্যে পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ ইতোমধ্যে কিছু উদ্ধার করা হয়েছে। লুণ্ঠিত অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।  

শনিবার পর্যন্ত উদ্ধার হয়েছে লুট হওয়া ৩ হাজার ৮৭২টি অস্ত্র ও প্রায় তিন লাখ গোলাবারুদ। এছাড়া ২ লাখ ৮৬ হাজার ২১৬ রাউন্ড গুলি, ২২ হাজার ২০১টি টিয়ার শেল এবং ২ হাজার ১৩৯ সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

অন্তবর্তীকালীন সরকার গঠনের পর লুট হওয়া অস্ত্র ফেরত দিতে আহ্বান জানিয়ে আসছে আইনশৃঙ্খলা বাহিনীর।

এছাড়া বেসামরিক জনগণকে গত ১৫ বছরে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবারের মধ্যে এসব অস্ত্র জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়।