বন্যায় মৃত্যু বেড়ে ৭১

দেশের বিভিন্ন জেলায় বন্যায় মৃতের সংখ্যা আরও বেড়েছে। নতুন করে মৃত্যু হয়েছে চার জনের। ফলে মঙ্গলবার পর্যন্ত ৭১ জন মারা যাওয়ার তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মৃত ব্যক্তিদের মধ্যে রয়েছে ৪৫ জন পুরুষ, ৭ জন নারী ও ১৯টি শিশু।

বন্যায় প্লাবিত হয়েছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেটের ৬৮টি উপজেলা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগসংক্রান্ত দৈনিক প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ফেনীতে ২৮, কুমিল্লায় ১৯, নোয়াখালীতে ১১, চট্টগ্রামে ৬, খাগড়াছড়িতে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১, কক্সবাজারে ৩ এবং মৌলভীবাজারে ১ জন মারা গেছেন। এ ছাড়া মৌলভীবাজারে একজন নিখোঁজ আছেন।

flood_5

এতে আরও জানানো হয়েছে, এখনো ৫ লাখ ৮২ হাজার ১৫৫টি পরিবার পানিবন্দি হয়ে আছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫০ লাখ ২৪ হাজারের বেশি।

ক্ষতিগ্রস্ত মানুষের আশ্রয়ের জন্য ৩ হাজার ৬১৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এগুলোয় ২ লাখ ৮৫ হাজার, ৯৯৬ জন মানুষ ও ৩১ হাজার ২০৩টি গবাদি পশুকে আশ্রয় দেয়া হয়েছে।

ক্ষতিগ্রস্তদের চিকিৎসা দেয়ার জন্য ৪৬৯টি মেডিকেল টিম কাজ করছে।

noyakhali-flood-sistuation

উজানের তীব্র ঢল এবং অতি ভারী বৃষ্টির কারণে গত ২০ আগস্ট থেকে বন্যা দেখা দেয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে তথ্য অনুযায়ী, বন্যায় প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সাত হাজার ৭২২ কিলোমিটার রাস্তা এবং এক হাজার ১০১টি ব্রিজ ও কালভার্ট। এ পর্যন্ত এলজিইডি মেরামত করেছে ৫১ কিমি রাস্তা এবং ৯৬টি ব্রিজ ও কালভার্ট।