রপ্তানি বন্ধেও চড়া ইলিশের দাম

দেশে ইলিশের রপ্তানি বন্ধ থাকলেও কমছে না জাতীয় এই মাছের দাম, বরং সাধারণ মানুষের নাগালের বাইরে রয়ে যাচ্ছে। 

আগে ব্যবসায়ীরা দাম বৃদ্ধির কারণ হিসেবে ভারতে ইলিশ রপ্তানির কথা বলতেন, তবে এখন রপ্তানি বন্ধ হলেও দাম কমেনি। 

ব্যবসায়ীদের দাবি, মৌসুম শেষের দিকে এবং নদীতে পানির স্তর বেড়ে যাওয়ায় ইলিশের সরবরাহ কমে গেছে।

এদিকে ভোক্তারা মনে করছেন, ব্যবসায়ীদের সিন্ডিকেট ইলিশের দাম বাড়িয়ে রেখেছে। ইলিশ মাছ ধরার পর তা আড়ৎদার এবং খুচরা বিক্রেতাদের হাত ঘুরে ক্রেতার কাছে পৌঁছায়, ফলে দাম বেড়ে যায়। 

বড় ইলিশ এখন ভোলাসহ অন্যান্য উপকূলীয় এলাকায় কেজিপ্রতি ১,৫০০-১,৭০০ টাকায় বিক্রি হচ্ছে, আর ছোট ইলিশের দাম কেজিতে ৯০০-১,৫০০ টাকার মধ্যে।

বরিশাল, ভোলা, চাঁদপুরসহ উপকূলীয় এলাকায় ইলিশের দাম এখনও চড়া। জেলেদের দাবী মাছ ধরতে গিয়ে তারা বেশি খরচ করছেন কিন্তু মাছ পাচ্ছেন কম। 

যদিও স্থানীয় মৎস্য কর্মকর্তারা আশা করছেন, আগামী দিনে মাছের উৎপাদন বাড়লে দাম কিছুটা কমতে পারে। 

কিছুদিন আগে ফরিদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ইলিশের দাম কেজি প্রতি ২০০ টাকা কমানো হয়।