শাহজাহান খানকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

ছাত্র আন্দোলনের সময়  আব্দুল মোতালিব নামের একজন আন্দোলনকারী নিহতের ঘটনায় রাজধানীর ধানমণ্ডি থানার হত্যা মামলায় সাবেক নৌ ও পরিবহন মন্ত্রী শাজাহান খানের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। 

শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. খোকন মিয়া এ আবেদন করেন।

গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকার ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়ে  বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আব্দুল মোতালিব (১৪)।

এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত ২৫০/৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলায় শাজাহান খানকে ২৩ নম্বর আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার  দিবাগত মধ্য রাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসন (রাজৈর-মাদারীপুর সদরের একাংশ) থেকে টানা অষ্টমবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাজাহান খান। বর্তমানে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।