মুক্তিযোদ্ধা না হয়েও যারা সুযোগ নিয়েছে সেটা প্রতারণা: উপদেষ্টা

প্রকৃত মুক্তিযোদ্ধা না হয়ে যারা সুযোগ-সুবিধা নিয়েছে সেটা জাতির সঙ্গে প্রতারণা। যাদের বিরুদ্ধে এমন অভিযোগ আসবে তাদের বিরুদ্ধে যাচাই করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, মুক্তিযোদ্ধা কোটায় চাকরিরতদের তালিকা যাচাই-বাছাই চলছে। প্রকৃত মুক্তিযোদ্ধা না হয়েও তালিকায় যাদের নাম রয়েছে, যাচাই সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ভুয়া মুক্তিযোদ্ধা বিষয়ক তিন হাজারের বেশি মামলা আছে এবং অনেকে রিট করে সুযোগ-সুবিধা পাচ্ছেন বলেও জানান তিনি।

উপদেষ্টা বলেন, আমরা চেষ্টা করবো, যেনো মুক্তিযোদ্ধারা তাদের সম্মান ফিরে পায়। মুক্তিযুদ্ধের চেয়ে গৌরবোজ্জ্বল ঘটনা জাতির জীবনে আর আসেনি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে। ব্র্যাক ও অক্সফামের মাধ্যমে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বন্যার্তদের সহায়তা করা হচ্ছে। ভবিষ্যতে আরও সহায়তার আশ্বাস মিলেছে।