অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত মার্কিন প্রতিনিধি দল।
রোববার সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন মার্কিন ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থ বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান।
নেইম্যানের সঙ্গে রয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
বৈঠকের বিষয়ে ঢাকা মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে লেখা হয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে বাংলাদেশের মানুষের কল্যাণে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রতিষ্ঠান গঠন ও উন্নয়ন সহযোগিতার বিষয়ে নিশ্চিত করেছেন আমাদের প্রতিনিধিদল।
'যেহেতু বাংলাদেশ আরও ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাইছে, যুক্তরাষ্ট্র সেই প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত,' বলা হয়েছে ওই পোস্টে।
গত আট আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ঢাকা সফরে এসেছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিদল।
শনিবার যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আসে।
আর বিকেলে দিল্লি হয়ে ঢাকায় আসেন প্রতিনিধি দলের অন্যতম সদস্য মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সফররত মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন তারা।