বেসরকারি চ্যানেলে বিটিভির সংবাদ সম্প্রচার নিয়ে নতুন সিদ্ধান্ত

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দুপুর দুইটার সংবাদ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচারের প্রয়োজন নেই বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বুধবার এ বিষয়ে এক আদেশ জারি করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসার (চলতি দায়িত্ব) মো. নিজামুল কবির এ আদেশে সই করেছেন।

আদেশে বলা হয়, বাংলাদেশ টেলিভিশনের দুপুর দুইটার সংবাদ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচার করার প্রয়োজন নেই বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা অভিমত ব্যক্ত করেছেন। বিষয়টি নির্দেশক্রমে অবহিত করা হলো।

সরকারি নির্দেশে রাষ্ট্রয়াত্ত্ব বিটিভি'র দুপুর দুইটার সংবাদ এতোদিন বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার হতো। সরাসরি না হলেও রেকর্ড করা সংবাদ সুবিধাজনক সময়ে প্রচার করতো দেশের বেসরকারি টিভি চ্যানেলগুলো। 

বিটিভির সংবাদ কেন বেসরকারি টিভি চ্যানেলগুলোতে সম্প্রচার করা হয় এবং এর মাধ্যমে বিটিভি, তথা সরকারের কী ধরনের লক্ষ্য অর্জিত হয়, তা অনেকেরই বোধগম্য নয়৷ 

সরকার কর্তৃক বেসরকারি টিভি চ্যানেলগুলোকে লাইসেন্স অনুমতি প্রদানের অন্যতম শর্ত পালনের বাধ্যবাধকতার কারণেই এমনটি করে থাকে বলেই ধারণা অনেকের৷