সাবেক মন্ত্রী রেজাউল করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির মামলায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের পরিচালক মোনায়েম হোসেন তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। 

আবেদনে বলা হয়, শ ম রেজাউল করিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ-পূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান চলমান আছে।

আবেদনে আরও বলা হয়, অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তি শ ম রেজাউল করিমের নিজের ও পরিবারের সদস্যদের নামে নাজিরপুর, পিরোজপুর এবং ঢাকার বিভিন্ন স্থানে কোটি কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গিয়েছে। অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্যাবলি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য বিশ্লেষণে প্রতীয়মান হয় যে, সংশ্লিষ্ট ব্যক্তিরা গুরুত্বপূর্ণ আলামত এবং অবৈধ টাকাসহ যেকোনও মুহূর্তে দেশ ত্যাগ করতে পারেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযুক্ত ব্যক্তির বিদেশ যাওয়া বন্ধ করা আবশ্যক।