মামলা তদন্তের খাতিরে চলচ্চিত্র অভিনেত্রী পরীমনির সঙ্গে ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়েনের অনৈতিক সম্পর্কের অভিযোগে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ থেকে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিমে বদলি করা হয়েছে।
শনিবার (৭ আগস্ট) বিকেল ৩টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এডিসি গোলাম সাকলায়েন শিথিলকে ডিবির সব দায়িত্ব থেকে নিবৃত্ত করা হয়েছে। তাকে প্রত্যাহারের বিষয়টি পুলিশ সদরদপ্তর থেকে অফিসিয়ালি সিদ্ধান্তের পর জানানো হবে।
এর আগে শনিবার (৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম একাত্তরকে বলেন, ‘পরীমনির সাথে ডিবি কর্মকর্তার ঘনিষ্ঠ মেলামেশা থাকলে তা অনৈতিক। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে একাত্তরে ‘গোয়েন্দা কর্মকর্তার বাসায় ১৮ ঘণ্টা কাটিয়েছেন পরীমনি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর ব্যক্তিগত নাম্বার থেকে গোলাম সাকলায়েন একাত্তরের বিশেষ প্রতিনিধি পারভেজ রেজার সাথে যোগাযোগ করেন।
সে সময় তিনি বলেন, ‘পরীমনির সাথে আমার ভালো সম্পর্ক। কার সাথে আমি গাড়িতে ঘুরবো সেটা একটি অন্য একটি বিষয়। তবে, পরীমনিকে আমি বিয়ে করিনি।’
তিনি আরো প্রশ্ন রাখেন, ‘আমি কার সাথে ঘুরবো না ঘুরবো, সেটা এভাবে নিউজে আসবে কেন।’ তিনি বলেন, ‘বিষয়টি খুবই স্পর্শকাতর, পরীমনি এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছে সেখানেও তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে।’
গোলাম সাকলায়েন দাবি করেন পরীমনি তার বাসায় যাননি। তবে একাত্তরের পোর্টালের হাতে এ বিষয়ে পর্যাপ্ত তথ্য আছে জানালে তিনি বিষয়টি সঠিক নয় বলেও দাবি করেন।
আরও পড়ুন: পরীমনিকে বাসায় নিয়ে যাওয়া সেই গোয়েন্দা কর্মকর্তা প্রত্যাহার
উল্লেখ্য, পহেলা আগস্ট সকাল ৮টা ১৫ মিনিট, সাদা রংয়ের একটি হ্যারিয়ার গাড়িতে (ঢাকা মেট্রো-ঘ ১৫ ৯৬ ৫৩) গোয়েন্দা কর্মকর্তা গোলাম সাকলায়েনের সরকারি বাসভবনে যান হালের আলোচিত নায়িকা পরীমনি। অভিনেত্রীর গাড়িচালক মো. নাজির হোসেন একাত্তরের কাছে ওই দিনের বিশদ ঘটনা বর্ণনা করেন।
একাত্তর/আরএ