সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ছেড়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার সন্ধ্যার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। এসময় বন্ধু অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে তাকে বিদায় জানান।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইব্রাহিমের ঢাকা ছাড়ার খবর জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফলপ্রসূ সফর শেষে শুক্রবার সন্ধ্যায় ঢাকা ছেড়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
এর আগে শুক্রবার দুপুর দুইটায় ইসলামাবাদ হয়ে ঢাকায় আসেন আনোয়ার ইব্রাহিম। তাকে বিমানবন্দরে স্বাগত জানান ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তারা সংক্ষিপ্ত বৈঠক করেন। পরে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আবারও বৈঠক করেন তারা। বৈঠক শেষে যৌথ প্রেস কনফারেন্স করেন দুই শীর্ষ নেতা। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
প্রায় ১১ বছর পর মালয়েশিয়ান কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করলেন। সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে সরকারি সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।