চাকরি হারালেন আরও ৫৮ এসআই

শৃঙ্খলাভঙ্গের দায়ে রাজশাহীর সারদায় প্রশিক্ষণরত পুলিশের আরও ৫৮ জন উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। এ নিয়ে তিন দফায় ৩৬৯ জন পুলিশ কর্মকর্তা চাকরি হারালেন।

সোমবার ঢাকা পুলিশ সদর দপ্তরের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। 

এর আগে প্রথম দফায় ২২ অক্টোবর ২৫২ জন, দ্বিতীয় দফায় ২৫ অক্টোবর ৫৯ জন এবং প্রশিক্ষণার্থীকে অব্যাহতি দেওয়া হয়।

পুলিশ একাডেমির তথ্যমতে, ৪০তম ব্যাচের আউটসাইডার ক্যাডেট হিসেবে মোট ৮০৪ জন প্রশিক্ষণরত ছিলেন। ২০২৩ সালের ১১ নভেম্বর এই ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ শুরু হয়েছিল। প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল চার নভেম্বর।

গত ২২ অক্টোবর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, রাজনৈতিক নয়, একাডেমিক শৃঙ্খলা ভঙ্গের কারণেই মূলত প্রশিক্ষণরত ২৫২ এসআইকে কোর্স থেকে বের করে দেওয়া হয়েছে। 

তবে কী ধরনের শৃঙ্খলা ভঙ্গ হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এটা আমি বলতে পারবো না, ইন্সট্রাকটররা বলতে পারবেন।