সরকারি চিকিৎসকদের বিদেশ সফর নিয়ে নতুন নীতিমালা জারি করেছে সরকার। আসছে নতুন বছর থেকে স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে থাকা দপ্তর বা সংস্থায় কর্মরত চিকিৎসকরা বছরে দু’বারের বেশি বিদেশে সেমিনার, সভা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ কিংবা কর্মশালায় অংশ নিতে পারবেন না।
রোববার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা নীতিমালায় এ কথা বলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল হাইয়ের সই করা এক অফিস আদেশে এই নীতিমালা প্রকাশ করা হয়। আগামী এক জানুয়ারি থেকে এই নীতিমালা কার্যকর হবে এই আদেশে বলা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্যসেবা বিভাগের অধীন দপ্তর কিংবা সংস্থায় কর্মরত চিকিৎসকদের বিদেশ সফরের ক্ষেত্রে এই নীতিমালা অনুসরণের নির্দেশনা দেয়া হলো। কোেনা প্রার্থী ১২ মাসে সর্বোচ্চ দু’বার বিদেশে সেমিনার, সভা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ বা কর্মশালায় যেতে পারবেন।
প্রার্থী যে বিষয়ে অভিজ্ঞ বা যে বিষয়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত কেবল সেই বিষয়ে আমন্ত্রিত হতে পারবেন। প্রার্থী যে বিষয়ে অধ্যয়নরত সেই বিষয়ে আমন্ত্রিত হয়ে গমন করতে পারবেন। আমন্ত্রণকারী সংস্থার নিজস্ব ডোমেইনভুক্ত ওয়েবমেইল থেকে স্বাস্থ্যসেবা বিভাগের ওয়েবমেইলে (secretary@hsd.gov.bd, cc: admin1@hsd.gov.bd) আমন্ত্রণপত্রের অনুলিপি/কপি পাঠাতে হবে।
আমন্ত্রণকারী সংস্থা যাবতীয় খরচ (ভিসা ফি, উভয় পথের বিমানভাড়া, আবাসন ব্যবস্থা/খরচ ইত্যাদি) বহন করবেন বলে সংস্থা থেকে প্রত্যয়নপত্র প্রমাণক হিসেবে দাখিল করতে হবে বলে আদেশে বলা হয়েছে।