অস্থিতিশীল পরিবেশ তৈরির পেছনে ইন্ধনদাতা রয়েছে: সেনাবাহিনী

দেশে সাম্প্রতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পেছনে ইন্ধনদাতা রয়েছে উল্লেখ করে, মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ ইন্তেখাব হায়দার খান বলেছেন, তাদেরকে ধরতে কাজ করছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার দুপুরে, রাজধানীর বনানী সেনাসদরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, ১৩ নভেম্বর থেকে এখন পর্যন্ত বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ২২৮ জন মাদক ব্যবসায়ীসহ এক হাজার ৩২৮ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তাছাড়া, গত দুই সপ্তাহে ২৪টি অস্ত্র ও ৩৬৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। 

অভিযানের সময় সেনাবাহিনীর মোট ১২৩ জন আহত ও একজন সদস্য নিহত হয়েছেন।

তি‌নি আ‌রও জানান, চট্রগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীকে শান্তিতে রাখতে কাজ করছে সেনাবাহিনী। কুকি চিনের বিরুদ্ধে অভিযান চালিয়ে সংগঠনটির ১৭৯ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযান চলাকালে সাতজন সেনাসদস্য নিহত হওয়ার কথাও জানান তি‌নি।