গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এসময় শিল্প উপদেষ্টা আরো বলেন, গত সাড়ে ১৫ বছরে গ্যাস খনন করা হয়নি। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিলো। ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে। দেশে সারের ঘাটতিও মেটানোর চেষ্টা চলছে।
লক্ষ্য বাস্তবায়নে নানান প্রতিবন্ধকতা রয়েছে বলেও উল্লেখ করেন শিল্প উপদেষ্টা।
গত সাড়ে ১৫ বছরে প্রতিটি সেক্টরে হওয়া দুর্নীতির কথা উল্লেখ করে সেগুলো নিরসনের চেষ্টা চলছে বলেও জানান উপদেষ্টা আদিলুর রহমান খান।
এসময় শিল্প সচিব জাকিয়া সুলতানাসহ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরি, পুলিশ সুপার মো.আব্দুল হান্নানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।