সচিবালয়ে আগুন: উচ্চ পর্যায়ের কমিটি, তিন দিনে রিপোর্ট

সচিবালয়ে ভয়াবহ আগুনের কারণ ও উৎস খুঁজে বের করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে একথা জানান।

এর আগে প্রশাসনের প্রাণকেন্দ্র আগুনের ঘটনা তদন্তে সাত সদস্যের একটি কমিটি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়া এই ঘটনায় আলাদা দুইটি তদন্ত কমিটি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

রিজওয়ানা হাসান বলেন, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি জরুরি বৈঠক হয়েছে। বৈঠকে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়।

Feuer2

তিনি বলেন, এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। সদস্য হিসেবে থাকবেন, গৃহায়ন ও গণপূর্ত সচিব, পুলিশের আইজিপি, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মহাপরিচালক (সদস্য সচিব), সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং বুয়েট থেকে তিন জন বিশেষজ্ঞ, একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং একজন ইলেট্রনিক ইঞ্জিনিয়ার।

বন ও পরিবেশ উপদেষ্টা আরও জানান, এই কমিটি আগুনের কারণ ও উৎস এগুলো খুঁজে বের করে আগামী তিন দিনের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট সরকারকে দেবে। তিনি আরও জানান, প্রাথমিক প্রতিবেদনের বিষয়টি গণমাধ্যমকে বিস্তারিত জানানো না গেলেও পূর্ণাঙ্গ প্রতিবেদন গণমাধ্যমকে পুরোটাই জানানো হবে। যতদ্রুত সম্ভব এই প্রতিবেদন দেওয়া হবে।

উপদেষ্টা বলেন, সরকার বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছে। রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। এই ঘটনার সুষ্ঠু ও বিস্তারিত তদন্ত রিপোর্ট চায় সরকার।

আওয়ামী লীগের সমর্থক ও আমলাদের ছাড় দেয়া প্রসঙ্গে তিনি বলেন, কোনো ব্যক্তি বা কর্মকর্তা দোষী সাব্যস্ত হলে ছাড় দেয়া হবে না। প্রশাসনের গতি ঠিক রেখে ঢেলে সাজানোর কাজও চলছে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আজকে যে ঘটনা ঘটেছে সেটার কারণ জানা গেলে সেই অনুযায়ী অবশ্যই সিদ্ধান্ত নেওয়া হবে। এই ঘটনা আর যাতে না ঘটে, আমাদের সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Feuer

তিনি বলেন, আসিফ মাহমুদের কার্যালয়ে বসার সুযোগ নেই। পুরো কার্যালয়ে পুড়ে গেছে। নথিগুলো পুড়ে গেছে। এখানে নিরাপত্তার ব্যর্থতা ছিল কি না? অন্য কোনো বিষয় ছিল কি না?  কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে। এগুলো সবই তদন্ত কমিটি খতিয়ে দেখবে। আমাদের মতামতগুলো আমরা তদন্ত কমিটিকে জানাবো।

এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেন, পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে গেছে। সেখানে অনেক অর্থ লোপাটের নথিপত্র ও তদন্তের ফাইলপত্র ছিল।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।