দর্শনার্থীর ঢল আর বিক্রির হিড়িকে শেষ হলো বাণিজ্য মেলা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের শেষ দিন আজ। শুক্রবার এক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মেলার সমাপনী ঘোষণা করেছেন। এ সময় এবারের মেলার সমস্যাগুলো মাথায় রেখে ৩০ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করার কথা বলেন তিনি।

বাণিজ্য মেলায় মূল প্যাভিলিয়নের হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবদুর রহিম খান, ইপিবি ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, মেলার পরিচালক ও ইপিবি সচিব বিবেক সরকার, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাভিদ সফিউল্লা ও এফবিসিসিআই প্রশাসক হাফিজুর রহমানসহ ব্যবসায়ী প্রতিনিধিরা।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর শেষ হয়। এই অনুষ্ঠানে ২২টি সেরা প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার দেয়া হয়, দ্বিতীয় পুরস্কার দেয়া হয় ১৬টি প্রতিষ্ঠানকে আর তৃতীয় পুরস্কার পায় ১৩টি প্রতিষ্ঠান।

এবার প্রথমবারের মতো অনলাইনে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ এবং মেলার প্রবেশ টিকিট ক্রয়ের ব্যবস্থা করা হয়। আর এতে স্বস্তি জানায় ক্রেতারা। তবে, মেলায় পণ্য সামগ্রীর দাম কিছুটা বেশি নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দর্শনার্থীরা।

মেলায় ৩৪৩টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান ছাড়াও ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া-এর ১১টি প্রতিষ্ঠান অংশ নেয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, মেলাটি আস্তে আস্তে আন্তর্জাতিক মানের মেলার দিকে এগিয়ে যাচ্ছে।

আর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবারের মেলার সমস্যাগুলো মাথায় রেখে ৩০ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করার কথা জানান।

তবে এবছর মেলায় রপ্তানি আদেশ কত হয়েছে সে বিষয়ে তেমন কোন কিছু জানাননি মেলা আয়োজক ইপিবি। এরআগে অন্তত আরও একদিন মেলার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছিলেন বিক্রেতারা। তবে এ বছর মেলার সময় না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো।

শুক্রবার ছুটির দিন দুপুরের পর থেকে রাজধানী ঢাকাসহ এর আশপাশ এলাকা থেকে মেলা প্রাঙ্গণে মানুষের সমাগম ঘটতে থাকে। বিকেল শেষে সন্ধ্যায় দর্শনার্থীদের ভিড় রূপ নেয় জনসমুদ্রে। ক্রেতা-বিক্রেতা উভয়কেই শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করতে দেখা যায়। গত ১ জানুয়ারি পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।