উত্তরবঙ্গে পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার

দাবি পূরণের আশ্বাসের ভিত্তিতে উত্তরবঙ্গের পেট্রোল পাম্প মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট প্রত্যাহার হয়েছে। পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন বুধবার  বিকেলে রাজশাহী বিভাগীয় সভাপতি ও বগুড়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রহমান রতন এতথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ধর্মঘটের কারণে সব পেট্রোল পাম্প বন্ধ থাকায় প্রায় অচল হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। তেল না পেয়ে ভোগান্তিতে পড়েন মোটরসাইকেল, বাসসহ বিভিন্ন যানবাহনের মালিক শ্রমিকরা। একই সঙ্গে দুর্ভোগে পড়েন কৃষকরাও। তেলের অভাবে অনেকেরই সেচ বন্ধ রাখতে হয়েছে। 

বগুড়ার আদমদিঘির সান্তাহারে মহাসড়কের পাশে আনিকা ফিলিং স্টেশনটি মঙ্গলবার গুড়িয়ে দেয়া হয়। উচ্ছেদ করা হয় আরও দুইটি পাম্প। মালিকদের দাবি, বিনা নোটিসে সড়ক ও জনপথ বিভাগের এমন উচ্ছেদ বেআইনী। এই ঘটনার প্রতিবাদে বুধবার সকাল আটটা থেকে কারও কাছে তেল বিক্রি করা হয়নি।   

জয়পুরহাটে পাম্পে এসে ফিরে যান মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চালককে। এতে গন্তব্যে যেতে অনেকেই পড়েন বিপাকে। কৃষি প্রধান জেলা জয়পুরহাটের কৃষকরা সেচের অভাবে বিপাকে পড়েন। এখনও বহু কৃষকের বোরোর জমি তৈরি শেষ হয়নি। বহু ক্ষেতে সবজি রয়েছে।

রাজশাহীতে সকাল থেকে পাম্পগুলোতে বিভিন্ন যানবাহন ভিড় করলেও তেল না পাওয়ায় তারা দুর্ভোগের মুখে পড়েন। নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি  না দিয়ে আকস্মিক উচ্ছেদ অভিযানকে অযৌক্তিক ও অন্যায় বলছেন রংপুরের মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। অন্যদিকে জিম্মি করে এই কর্মসূচিতে রয়েছে গ্রাহকদের ক্ষোভ।

উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধে প্রভাব পড়ে দুই বিভাগের ১৬ জেলায়। তেলের অভাবে অনেক জায়াগায় বন্ধ হয় বাস-ট্রাক চলাচল।