সাবেক মন্ত্রী রেজাউল করিম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুই মামলা

সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম ও তার স্ত্রী ফিরোজা পারভীনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ কথা জানিয়েছেন। 

মামলার অভিযোগে বলা হয়, সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত আট কোটি ৮৬ লাখ ১১ হাজার ৪২৫ টাকার অবৈধ সম্পদ অর্জন করেন। এছাড়াও নিজ নামের ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ছয় কোটি ৮৪ লাখ ৮২ হাজার ৮৩৪ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

অন্যদিকে রেজাউল করিমের স্ত্রী ফিরোজা পারভীন স্বামীর ক্ষমতার অপব্যবহার করে তিন কোটি পাঁচ লাখ ৫৫ হাজার ৩৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। 

এসব ঘটনায় তাদের দুই জনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে।