শিশু আছিয়ার খুনি-ধর্ষকদের প্রকাশ্যে শাস্তি দেয়ার দাবি

শিশু আছিয়ার খুনি-ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী। 

বৃহস্পতিবার দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির দপ্তর সম্পাদক ডক্টর প্রকৌশলী মো. লুৎফর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান। 

এতে বলা হয়, অসহায় শিশু আছিয়ার খুনি-ধর্ষকদের দৃষ্টান্তমূলক প্রকাশ্যে বিচার দাবি করেছেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী। 

তিনি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানান, দেশব্যাপী আলোচিত মাগুরায় ধর্ষণের শিকার নির্যাতিত শিশু আছিয়া আজ ১৩ মার্চ ২০২৫ তারিখে দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃৎস্পন্দন ফিরে আসেনি। 

তিনি আরও বলেন, অসহায় শিশু আছিয়া আমাদের সমাজ-রাষ্ট্রেকে লজ্জা দিয়ে ও আমাদের কাঁদিয়ে অনন্তযাত্রায় পাড়ি দিয়েছেন।  

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি শিশু আছিয়ার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবার-স্বজন-গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি যেকোনো প্রয়োজনে আছিয়ার পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।