নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদনের সময় বাড়লো

রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
 
রোববার (২০ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।

আখতার আহমেদ বলেন, রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের সময়সীমা আজ ২০ এপ্রিল শেষ হচ্ছে। আমরা এই সময়সীমা ২২ জুন পর্যন্ত করবো। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ জুন পর্যন্ত সময়সীমা একই শর্তে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, আজ বিকেল পর্যন্ত নতুন নিবন্ধনের জন্য ৬৫টি রাজনৈতিক দল আবেদন করেছে। এছাড়া নিবন্ধনের সময়সীমা বাড়ানোর জন্য ৪৬টি দল আবেদন করেছে।

এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইসির জ্যেষ্ঠ সচিবকে দেয়া এক লিখিত আবেদনে দল নিবন্ধনে ৯০ দিন সময় বাড়ানোর আবেদন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

২০০৮ সালে রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া চালু হয়। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি।