চার দাবিতে এনবিআর কর্মকর্তাদের কর্মবিরতি চলছে

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তের অধ্যাদেশ বাতিল, চেয়ারম্যানের অপসারণসহ চার দফা দাবিতে আজও কর্মবিরতি পালন করছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।

প্রতিবাদ কর্মসূচি পালনে রোববার (২৫ মে) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে জড়ো হতে থাকেন তারা। 

এছাড়াও নিজ নিজ দপ্তরেও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। 

সারাদেশের সব ভ্যাট ও কর অফিসে চলছে প্রতিবাদ কর্মসূচি। তবে শুল্ক স্টেশন ও কাস্টমস হাউসগুলোতে কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত। 

সোমবার (২৬ মে) থেকে সব দপ্তরেই চলবে পূর্ণাঙ্গ কর্মবিরতি। এতে আমদানি রপ্তানি ও রাজস্ব আদায় ব্যবস্থায় বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন কর্মকর্তারা। 

এদিকে আন্দোলন জোরদার হওয়ার পর থেকে এনবিআরে আসেননি সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খান।

যেসব দাবিতে আন্দোলন

  • নতুন অধ্যাদেশ বাতিল।
  • চেয়ারম্যানকে অপসারণ।
  • রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
  • এনবিআরের প্রস্তাবিত খসড়া ও পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনা করে প্রত্যাশী সংস্থা, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ,
  • রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে।