অর্থবছর শেষে দেশে খাদ্য মজুদ বেড়েছে: প্রেস উইং

চলতি অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে চাল ও গমের মজুদ রয়েছে ১৭ দশমিক ৬৪ লাখ মেট্রিক টন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় তিন লাখ টন বেশি।

বৃহস্পতিবার (৩ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

সরকারি মজুদ, সংগ্রহ ও বিতরণ পরিস্থিতি সম্পর্কে খাদ্য মন্ত্রণালয়ের বরাতে প্রেস উইং জানায়, গত বছরের ১ জুলাই দেশে চাল ও গমের মোট মজুদ ছিলো ১৪ দশমিক ৭৩ লাখ টন। এর মধ্যে চালের মজুদ ছিলো ১০ দশমিক ৬০ লাখ টন এবং গমের মজুদ ছিলো ৪ দশমিক ১৩ লাখ টন।

নতুন অর্থবছরের শুরুতে চালের মজুদ বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৪১ লাখ টনে।

অভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত ও আমদানিকৃত গমের মোট সংগ্রহের তুলনায় বিতরণ বেশি হওয়ায় গমের মজুদ কমে দাঁড়িয়েছে ২ দশমিক ২৩ লাখ মেট্রিক টনে।