রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ (৩৯) হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১২ জুলাই) দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে ঢাকা জেলা পুলিশ লাইন, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) এবং ট্র্যাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিটফোর্ডের ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে এই ঘটনায় জড়িত মোট পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে দু’জনকে র্যাব অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। মেট্রোপলিটন পুলিশের কাছেও দু’জন ধরা পড়েছে। গত রাতেও এক জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ডিবির টিম কাজ করছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, আমরা অনেক বেশি অসহিষ্ণু হয়ে গেছি। এই মানসিকতা কমাতে হবে। সবাইকে অনুরোধ করছি, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। কোনো ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
উপদেষ্টা আরো বলেন, গতকাল কাঠমান্ডুর একটি ফ্লাইটে বোমা থাকার মিথ্যা খবর দিয়ে ফোন করা মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই পরামর্শদাতাকেও আইনের আওতায় আনা হয়েছে। চাঁদপুরের ঘটনাতেও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব ঘটনায় আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশনে গিয়েছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম কোনোভাবেই নির্লিপ্ত নয়। কিছু স্থানে সামান্য দেরি হতে পারে, তবে প্রতিটি ঘটনায় বাহিনী তাৎক্ষণিকভাবে অ্যাকশনে যাচ্ছে।