২০২৬ সালের হজে অংশ নিতে এজেন্সিগুলোর কাছ থেকে আবেদন আহ্বান

ধর্ম মন্ত্রণালয় ২০২৬ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণের জন্য অনুমোদিত এজেন্সিগুলোর কাছে আবেদন আহ্বান করেছে।

সোমবার (১৪ জুলাই) এজেন্সিগুলোকে আবেদন দাখিলের জন্য অনুরোধ জানিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ২০২৬ সালের হজ কার্যক্রমের জন্য সৌদি সরকার এরই মধ্যে রোডম্যাপ বা টাইমলাইন প্রকাশ করেছে। সেই পরিপ্রেক্ষিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত যেসব হজ এজেন্সি ২০২৬ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণ করতে ইচ্ছুক সেসব হজ এজেন্সির স্বত্বাধিকারী বা ব্যবস্থাপনা পরিচালকদের কাছ থেকে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রস্তুত করা নির্ধারিত আবেদন ফরমে আবেদন করার জন্য অনুরোধ করা হলো।

সৌদি সরকারের প্রকাশিত রোডম্যাপ অনুসারে, ২০২৬ সালে হজে অংশ নিতে ইচ্ছুক বাংলাদেশি হজ যাত্রীদের আগামী ১২ অক্টোবরের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর পূর্বে, ৯ অক্টোবর বাংলাদেশ সরকারের সঙ্গে সৌদি সরকারের হজচুক্তি স্বাক্ষরিত হবে। এছাড়া, সৌদি সরকার আগামী ১০ জুলাই হজের কোটা ঘোষণা করবে।