শুধু অর্থের জন্য অসুস্থ কাউকে হজে না নেয়ার অনুরোধ ধর্ম উপদেষ্টার

হজের ক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয় অথবা আমার কোনো কর্মকর্তা যদি কোনো এজেন্সির কাছ থেকে ঘুষ খায়, সেটা প্রমাণ হলে আমরা তাকে ফাঁসিতে ঝোলাবো বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হজ এজেন্সিগুলোর উদ্দেশ্যে ধর্ম উপদেষ্টা বলেন, আপনার এমন মানুষকে হজে পাঠাবেন যারা সুস্থ ও সক্ষম। শুধুমাত্র টাকার জন্যই যেকোনো মানুষকে হজে পাঠাবেন না।

পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের থেকে যাতে হজ ব্যবস্থাপনা মুক্ত রাখা যায় সেজন্য এজেন্সির সহযোগিতা কামনা করেন তিনি।

আগামী হজে বিমান ভাড়া নির্ধারণ নিয়ে বিভিন্ন পক্ষের সাথে আলোচনা শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, এই হজ ও ওমরা ফেয়ার খুবই তাৎপর্যপূর্ণ। এখানে সাধারণ মানুষ এসে নিজেদের সুবিধামতো হজ প্যাকেজ নিয়ে নিতে পারবেন। গত বছর আমরা একটি সুন্দর হজ উপহার দিতে পেরেছি, আগামীতেও সুন্দর হজ্জ উপহার দেবো।