আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে আজ। আর আগামী ৩০ নভেম্বর চূড়ান্ত করা হবে ভোটার তালিকা। ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর, তারাই ভোট দিতে পারবেন আগামী নির্বাচনে।
নির্বাচন কমিশনের (ইসি) রোডম্যাপে উল্লেখ আছে এসব তথ্য। এরইমধ্যে এই রোডম্যাপ অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
এর আগে বুধবার (২৭ আগস্ট) বিকেলে ইসি সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিশন সচিব আখতার আহমেদ।
গত কয়েকদিন ধরে রোডম্যাপ ঘোষণা নিয়ে ইসিতে চলছে ব্যাপক তোড়জোড়। অবশেষে রোডম্যাপের অনুমোদন দেয় নির্বাচন কমিশন।
ইসি সূত্র বলছে, রোডম্যাপে উল্লেখ করা হয়েছে ৩০ নভেম্বর চূড়ান্ত করা হবে আগামী নির্বাচনের ভোটার তালিকা। তবে কবে তফসিল কিংবা ভোটগ্রহণ- তার কিছুই উল্লেখ থাকবেনা রোডম্যাপে।
এর আগে দিনব্যাপী ইসি সচিবালয়ের অডিটোরিয়ামে চলতে থাকে শেষদিনের সীমানা পুনঃনির্ধারণের অভিযোগ আপত্তির উপর শুনানি।
ইসি সচিব জানান, শুনানি সম্পন্ন হওয়া ৮৪টি আসনের সীমানা নিষ্পত্তি হবে দ্রুত।
শেষদিনে ১২ জেলার ১৮টি সংসদীয় আসনের ২৬০টি শুনানি সম্পন্ন করে নির্বাচন কমিশন। চারদিনে মোট ১৮৯৩টি শুনানি অনুষ্ঠিত হয় ইসিতে।