বদরুদ্দীন উমর মারা গেছেন

দেশের প্রখ্যাত লেখক, গবেষক ও বাম ধারার বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর মারা গেছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ০৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিলো ৯৪ বছর।

বদরুদ্দীন উমর দীর্ঘদিন ধরে বার্ধকব্যজনিত নানা জটিলতায় আক্রান্ত ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে সকালে তাকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সকাল ১০টা ০৫ মিনিটে তিনি মারা যান বলে জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম গণমাধ্যমে জানান।

তিনি আরো জানান, গত ২২ জুলাই শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপ নিয়ে বদরুদ্দীন উমর হাসপাতালে ভর্তি হন। দীর্ঘ ১০ দিন চিকিৎসা শেষে তিনি বাসায় ফেরেন গত সপ্তাহে।

বদরুদ্দীন উমর ১৯৩১ সালে ২০ ডিসেম্বর ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন। তার বাবা আবুল হাশিম ভারতীয় উপমহাদেশের একজন মুসলিম জাতীয়তাবাদী রাজনীতিবিদ ছিলেন। ষাটের দশকে বাংলাদেশে জাতীয়তাবাদী আন্দোলন আর ধর্ম ও রাজনীতি নিয়ে তার লেখা বইগুলো বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো।

পারিবারিক সূত্রে জানা যায়, উমরের বড় মেয়ে বিদেশে থেকে ফিরলে ইচ্ছা অনুযায়ী সোমবার জুরাইন কবরস্থানে তাকে সমাহিত করা হবে। ৯৪ বছরের বর্ণাঢ্য জীবনে শিক্ষকতা, রাজনীতি সম্পাদক হিসেবে আলো ছড়িয়েছিলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন উমর। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যাত্রাও শুরু হয় তারই হাত ধরে। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কারসহ বেশকিছু পুরস্কারে ভূষিত হন তিনি। তবে কোনো পুরস্কারই তিনি গ্রহণ করেননি।