বিজয়া দশমীর সকালে সিঁদুর খেলা আর বিকেলে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। বিসর্জনের আগে মহানগর পূজা উদযাপন কমিটির আয়োজনে বিজয়া শোভাযাত্রায় অংশ নেয় হাজারো হিন্দু ধর্মাবলম্বী।
বিসর্জন ও শোভাযাত্রায় অংশ নেয়া ভক্তরা বলছেন, এবারের পূজা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে আগামী বছর আরো ভালো উৎসবের প্রত্যাশা করেন তারা।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে সিঁদুর খেলা শেষে দুপুর থেকে ঢাকেশ্বরী কেন্দ্রীয় পূজা মণ্ডপের সামনে পলাশী মোড়ে রাজধানীর বিভিন্ন মণ্ডপের প্রতিমা শোভাযাত্রায় অংশ নিতে আসতে শুরু করে।
এ বছর ঢাকায় ২৫৫টি মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। ঢাকা দক্ষিণে মণ্ডপের সংখ্যা ছিল ১৬৯টি। শোভাযাত্রায় মূলত ঢাকা দক্ষিণের মণ্ডপের প্রতিমাই অংশ নেয়।
ডিএমপি যুগ্ম কমিশনার সানা শামিমুর রহমান জানান, এবারের পূজা নির্বিঘ্ন করতে সচেষ্ট ছিলেন সবাই।
শত প্রতিমা আর হাজারো ভক্তের অংশগ্রহণে ঢাকের বাজনায় উৎসবের আমেজ ছিলো পুরো শোভাযাত্রায়। ভক্তরা বলছেন, আরো ভালো উৎসবের প্রত্যাশা করেন তারা।
এদিকে দুপুর থেকেই বুড়িগঙ্গায় শুরু হয় বিসর্জন। উৎসবমুখর পরিবেশে দেবী দুর্গাকে বিদায় দেন সনাতন ধর্মাবলম্বীরা। বিসর্জনে সতর্ক ছিলো আইনশৃঙ্খলা বাহিনীও।
ভক্তদের প্রার্থনা দেবী দুর্গা সকল অনাচার, বিপদ দূর করে দেশের জন্য মঙ্গল ও শান্তি বয়ে আনবে।
বুড়িগঙ্গায় বিসর্জনের আনুষ্ঠানিকতা ছিলো রাত পর্যন্ত।