মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৭ অক্টোবর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদের স্টেকহোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার ব্যাপারটি নির্বাচন কমিশনের। নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত এই সরকারের আইনিভাবে যে যে কাজগুলো করার কথা, আমরা তা করে যাব এবং ক্যাবিনেট মিটিংয়েই সেই সিদ্ধান্তগুলো হবে।
সভার শুরুতে কাপ্তাই লেকের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা বিএফডিসি’র ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ ফয়েজ আল করিম।
উপদেষ্টা সাংবাদিকদের এ প্রসঙ্গে বলেন, কাপ্তাই লেক রক্ষার জন্য প্রথম কাজ হচ্ছে ড্রেজিং করা এবং এটি এখানকার সকলের দাবি। তাছাড়া কাপ্তাই লেকে দূষণের পরিমাণও দিনদিন বাড়ছে।
তিনি বলেন, এখানে লেকে পয়ঃনিষ্কাষণসহ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। দূষণের ব্যাপারে স্থানীয় সরকার, পরিবেশ মন্ত্রণালয় ও আরো যারা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে কি করা যায়, সে ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
উপদেষ্টা আরো বলেন, কাপ্তাই লেকে পলি জমে যাওয়ার কারণে পলি পরে জমে যাচ্ছে। ফলে পানির স্তর কমে যাওয়ায় পানির উপরের স্তরে বড় মাছগুলো থাকতে পারছে না। এ কারণে লেকে ছোট মাছের আধিক্য বেড়েছে এবং বড় মাছ কমে যাচ্ছে।
লেক রক্ষায় সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।