খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ দল আসছে আজ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য ও চীন থেকে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক দল।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে যুক্তরাজ্যের চিকিৎসক দলটি এবং চীনের দলটি সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

খালেদা জিয়ার বিদ্যমান মেডিকেল বোর্ডকে আরও বিশেষায়িত পরামর্শ দেওয়া জন্যই ঢাকায় আসছে বিশেষজ্ঞ চিকিৎসক দল। চিকিৎসকরা মূল্যায়ন করবেন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো অবস্থা আছে কি না। 

বর্তমানে তার হৃদ্‌যন্ত্র, লিভার, কিডনি ও ফুসফুসের জটিলতা কাটেনি, শারীরিক অবস্থাও রয়ে গেছে উদ্বেগজনক পর্যায়ে। এরই মধ্যে তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে এসএসএফ নিরাপত্তা দেওয়া শুরু হয়েছে।

দলীয় সূত্র বলছে, শারীরিক অবস্থার উন্নতি না হলে তাকে বিদেশে নেওয়া কঠিন হবে; সে ক্ষেত্রে তারেক রহমান দ্রুত দেশে ফিরতে পারেন বলেও জানা গেছে।

গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। এরপর থেকে তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন বলে জানা গেছে।