অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করছে সরকার। বিশেষ এ অভিযানে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৪৯৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়াও পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে ২৯ হাজার ৭৩৪টি মোটরসাইকেল ও ৩২ হাজার ২৮৭টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশির সময় ৪৮২টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়।
এর আগে জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ শুরুর কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।