ঘন কুয়াশাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক উড্ডয়ন ও অবতরণ কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ কয়েকটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে ডাইভার্ট (অন্যদিকে পাঠানো) করার সিদ্ধান্ত নেয়।
শুক্রবার (২ জানুয়ারি) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ জানান, ঘন কুয়াশাজনিত কারণে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি ফ্লাইট নিরাপদ উড্ডয়নের স্বার্থে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। এরমধ্যে চারটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, চারটি কলকাতা বিমানবন্দরে এবং একটি ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে বিমানবন্দরের ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আবহাওয়া উন্নত হওয়ায় বর্তমানে সব ফ্লাইট নিয়মিতভাবে উড্ডয়ন ও অবতরণ শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।