হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এখন থেকে উড়োজাহাজ থেকে লাগেজ নামানো থেকে শুরু করে তা বেল্টে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটি যাত্রীরা নিজস্ব চোখের সামনেই মনিটরে সরাসরি (লাইভ) দেখতে পাবেন।
এই নতুন উদ্যোগের অংশ হিসেবে শাহজালাল বিমানবন্দরের গুরুত্বপূর্ণ ৮টি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি আধুনিক সিসিটিভি ক্যামেরা এবং ৬৫ ইঞ্চি আকারের ১৮টি বড় মনিটর স্থাপন করা হয়েছে।
নতুন এই ব্যবস্থার ফলে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের যাত্রীরা লাগেজ ব্যবস্থাপনার প্রতিটি ধাপ নজরদারি করার সুযোগ পাচ্ছেন।
উড়োজাহাজের কার্গো হোল্ড থেকে লাগেজ খালাস, বিশেষ ট্রলিতে পরিবহন, বাছাইকরণ এবং সবশেষে অ্যারাইভাল হলের লাগেজ বেল্টে তোলা পর্যন্ত পুরো যাত্রাপথ মনিটরে স্পষ্ট দেখা যাবে।
এতে লাগেজ পৌঁছাতে কেন দেরি হচ্ছে কিংবা কীভাবে ট্রলি হ্যান্ডলিং করা হচ্ছে, সে সম্পর্কে যাত্রীরা তাৎক্ষণিক ও স্পষ্ট তথ্য পাবেন।
বেবিচক কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক মানের বিমানবন্দর ব্যবস্থাপনা গড়ে তোলা এবং বিশেষ করে প্রবাসীদের লাগেজ নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি ও উৎকণ্ঠা দূর করাই এই ব্যবস্থার প্রধান উদ্দেশ্য।
প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের ফলে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের জবাবদিহি যেমন নিশ্চিত হবে, তেমনই প্রবাসীসহ দেশি-বিদেশি সকল যাত্রী ভ্রমণের শুরু ও শেষে একটি স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা পাবেন।
দেশের প্রধান বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় গতি ও দক্ষতা আনতে এই পদক্ষেপকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
