ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুটি আসনের নির্বাচন স্থগিত থাকবে।
শনিবার (১০ জানুয়ারি) ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৬ জানুয়ারি নির্বাচন কমিশন এ দুটি আসনের নির্বাচন স্থগিত করতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দেয়।
চিঠিতে বলা হয়, নির্বাচনি এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২ এর সীমানা সংক্রান্ত সিএমপি আপিল বিভাগের ৫ জানুয়ারি আদেশের প্রেক্ষিতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাবনা-১ ও পাবনা-২ এর নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।
এর আগে শুক্রবার এ সংক্রান্ত খবর গণমাধ্যমে প্রকাশ করা হলে খবরটি সঠিক নয় বলে দাবি করেন ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক।
এ বিষয়ে আজ শনিবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ‘পাবনা-১ ও ২ আসনের নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।’