র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ। শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল, র্যাবের সাবেক তিন মহাপরিচালক ও ১১ সাবেক সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন গুমের ভুক্তভোগী ব্যারিস্টার আরমান। তার সাক্ষ্যগ্রহণ সরাসরি সম্প্রচার হতে পারে বিটিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বুধবার (২১ জানুয়ারি) 'আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১'-এর বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে, ২৩ ডিসেম্বর, ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় গ্রেপ্তার আছেন ১০ সেনা কর্মকর্তা।
অভিযোগ বলা হয়, আওয়ামী শাসনামলে র্যাবের টিএফআই সেল নামের গোপন বন্দিশালায় ব্যারিস্টার আরমানসহ ১৪ জনকে গুম করে নির্যাতন করা হয়। ৫ আগস্টের পর তাদের অনেকেই মুক্তি পান৷
এর আগে মঙ্গলবার (২০ জানুয়ারি) তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে উত্তরায় র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন করেন সেনা কর্মকর্তাদের আইনজীবীরা।
এছাড়া একই দিনে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ হতে পারে।