আগামী ১২ সেপ্টেম্বর (রোববার) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার (৫ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। বিকেল ৩টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়।
গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরে এক অনুষ্ঠান শেষে ডা. দীপু মনি বলেন, ১২ সেপ্টেম্বর থেকে সারাদেশে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, বারবার চেষ্টা করেও সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে। গতবছরের অভিজ্ঞতা বলে নভেম্বরের সংক্রমনের হার কমেছিলো। এখন যে অবস্থা তাতে শ্রেনী কক্ষে পাঠদান শুরু করা যাবে। আগামী ৯ সেপ্টেম্বরের আগেই সব প্রতিষ্ঠান তৈরী হয়ে যাবে, সবাইকে সচেতনতা মানতে হবে। অভিভাবকদের সম্পৃক্ততার বিষয় রয়েছ, তাই তাদেরও সচেতন হতে হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন , মাস্ক পরা ছাড়া কেউ শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারবে না। শিক্ষার্থী, শিক্ষকের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সবাইকে মাস্ক পরতে হবে। একেবারে কমবয়সী যারা, তাদের কোনো সংকট হচ্ছে কি না তা শিক্ষকদের খেয়াল রাখতে হবে।
প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব মানতে যারা ২০২১ এবং ২০২২ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেবে, তারা প্রতিদিন ক্লাস করবে। তিনি বলেন, প্রাথমিকে ৫ম শ্রেণি প্রতিদিন ক্লাস করবে। ১ম, ২য়, ৩য় ও চতুর্থ শ্রেণির ক্লাস এবং মাধ্যমিকে ৬ষ্ঠ, ৭ম, ৯ম শ্রেণির ক্লাস হবে সপ্তাহে এক দিন।
আমরা পর্যবেক্ষনের মধ্যে রাখবো। পরিস্থিতি স্বাভাবিক থাকলে অনান্য ক্লাসের দিনের সংখ্যা বাড়বে। প্রথম দিকে ক্লাসের সময় কমিয়ে পর্যাক্রমে সময় বাড়িয়ে স্বাভাবিক অবস্থায় নিয়ে যাবো।
দিপু মনি বলেন, শুরুতে চার ঘণ্টা করে ক্লাস হবে। পর্যায়ক্রমে সব শ্রেণির ক্লাসের সময় বাড়ানো হবে।
আরও পড়ুন: করোনার প্রকোপ কোথাও কমেছে, কোথাও বেড়েছে
যদি বুঝি কোথাও প্রতিষ্ঠান খোলার কারনে সংক্রমন বাড়ছে সেখানে প্রয়োজনে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। এ্যাসেম্বিলি হবে না। কিন্তু ফিজিক্যাল একটিভিটি চলবে।
বিশ্ববিদ্যালয় খোলা প্রসঙ্গে তিনি বলেন, মধ্য অক্টোবরের আগেই বিশ্ববিদ্যালয় খোলা যায় কিনা সে বিষয়ে উপাচার্যদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বিষয়ে প্রস্তুতি থাকবে।
এছাড়াও তিনি জানান, যাদের বয়স ১২ বছরের বেশি তাদেরকেও ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। টিকা প্রাপ্তি ও কারিগরি ব্যবস্থাপনা শেষ হলে এই প্রক্রিয়া শুরু হবে।
একাত্তর/এসএ