দশ দিনের ব্যবধানে করোনা সংক্রমণ ও মৃত্যু কমলেও কোথাও কোথাও বেড়েছে। গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যালে করোনা ও উপসর্গে প্রাণ গেছে ১০ জনের।
এছাড়া ময়মনসিংহে মৃত্যু হয়েছে ছয়জনের। এদিকে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন ১২০জন। এ নিয়ে বন্দরনগরীতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো।
রাজশাহীতে এতোদিন সংক্রমণ কম থাকলেও, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০ জন। নতুন রোগী ভর্তি হয়েছেন ২৭ জন। এখন সেখানে শনাক্তের হার ৯ দশমিক ৪৫ শতাংশ।
চট্টগ্রামের মৃতের সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের হার। জেলার ৯টি ও কক্সবাজারের একটি ল্যাবে এক হাজার ১৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১২০ জন। শনাক্তের হার ১১ দশমিক ৮২ শতাংশ।
ময়মনসিংহ মেডিক্যালে উপসর্গে মৃতদের চারজনই শহরের। গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬ জন। ২২২টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২৯ জন। সংক্রমণের হার ১৩ দশমিক ০৬ শতাংশ।
এদিকে পটুয়াখালীতে ১০ দিন পর করোনায় মারা গেছেন দুই জন। তবে সিভিল সার্জন বলছেন, আগের তুলনায় সংক্রমণ কমেছে। ১৯৯ জনের নমুনা পরীক্ষা নতুন শনাক্ত হয়েছেন ১৯ জন।
ঝিনাইদহে এক সপ্তাহ পর আজ মারা গেছেন দুইজন, আক্রান্ত হয়েছে আরো ১৩ জন। ১৫৮টি নমুনা পরীক্ষায় সনাক্ত হয়েছেন আরো ১৩ জন, আক্রান্তের হার ৮ দশমিক ২২ শতাংশ।
একাত্তর/ এনএ
