রেকর্ড ফোর্স মোতায়েন, ভোটের প্রস্তুতি নিয়ে যা বললো ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ বলে মন্তব্য করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আমরা সন্তুষ্ট। অতীতের চেয়ে ভালো আছি। বিচ্ছিন্ন ঘটনাগুলো না ঘটলে আরও ভালো হতো। তিনি নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর প্রতি সহায়তার আহবান জানান।

ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা নাগাদ নির্বাচনী সামগ্রী প্রতিটি ভোটকেন্দ্রে পৌঁছে যাবে। এবার ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

নির্বাচন কমিশনার জানান, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে ভোটার স্লিপে বড়ো পরিবর্তন আনা হয়েছে। আগে স্লিপে প্রার্থীদের নাম থাকতো না, তবে এবার ভোটারদের সুবিধার্থে প্রার্থীদের নামও যুক্ত করা হয়েছে। এছাড়া স্বচ্ছতা নিশ্চিতে ভোটগ্রহণের দিন প্রতি দুই ঘণ্টা পরপর নির্বাচন কমিশন থেকে প্রগ্রেস রিপোর্ট দেওয়া হবে।

কমিশনার সানাউল্লাহ কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, ভোটদানকালে ভোটারসহ কেউ গোপনকক্ষে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে এবার নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, সারাদেশে ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে কখনো এতো বিশাল সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়নি। এছাড়া নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবেন দুই হাজারের বেশি ম্যাজিস্ট্রেট।

প্রযুক্তিগত নজরদারির অংশ হিসেবে ৯০ শতাংশ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পুরো প্রক্রিয়াটি তদারকি করতে ৬৯ জন রিটার্নিং অফিসার এবং পাঁচ লক্ষাধিক পোলিং অফিসার কাজ করবেন বলেও জানান ইসি কমিশনার

ইসি সানাউল্লাহ জানান, এবার ৫০টি রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ মোট দুই হাজার ২৮ জন প্রার্থী ভোটে লড়বেন। তাদের মধ্যে নারী প্রার্থী ৮১ জন। নির্বাচন পর্যবেক্ষণ করেবেন ৩৫০ বিদেশি পর্যবেক্ষক। তাছাড়া এ পর্যন্ত ৯ হাজার ৭০০ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের জন্য নিবন্ধন করেছেন।

এদিকে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় ফলাফল নিয়েও বাড়তি আগ্রহ রয়েছে। কমিশন জানিয়েছে, সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল একসঙ্গে ঘোষণা করা হবে।

ব্রিফিংয়ের শেষে নির্বাচন কমিশনার আবারও একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, এতোদিন কাজ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সাধুবাদ জানান তিনি।