ভোট দিলেন তিন বাহিনী প্রধান, চাইলেন দুর্নীতিমুক্ত দেশ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন, তিন বাহিনী প্রধান। বৃহস্পতিবার সকালে রাজধানীতে আলাদা আলাদা কেন্দ্রে ভোট দেন তাঁরা। আজকের দিনটি ‘আনন্দের’ উল্লেখ করে, গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহবান জানান তারা।

অবশেষে বহুল প্রতিক্ষিত দিনটি এলো। জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই উৎসবমুখর ভোটকেন্দ্রগুলো। সাধারণ মানুষের মতো ভোট দেন, তিন বাহিনী প্রধানও।

সকালে বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এণ্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন, নৌবাহিনী প্রধান এডমিরাল নাজমুল হাসান। তার প্রত্যাশা, নবনির্বাচিত সরকার অতীতের মতো ভুল পথের পুনরাবৃত্তি করবে না। গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে নতুন সরকার।

ভোটের মাধ্যমে নবনির্বাচিত সরকার অতীতের মতো ভুল পথের পুনরাবৃত্তি করবে না, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি বলেন, দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে নতুন সরকার নির্বাচিত করছেন।

তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সরকার গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রেখে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে নির্বাচিত সরকারের আন্তরিকভাবে কাজ করা প্রয়োজন। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বেলা ১০টার পর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পরে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে সারাদেশে ভোটগ্রহণ হচ্ছে। সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহবান জানিয়ে তিনি বলেন, সবাইকে অনুরোধ করব, সম্মানিত ভোটারদের অনুরোধ করব, আপনারা নির্ভয়ে বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং ভোট দেবেন।

সেনাপ্রধান বলেন, আজকে আমাদের জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, আনন্দের দিন। আমরা গত দেড় বছর এ দিনটার অপেক্ষায় ছিলাম। আজকে আলহামদুলিল্লাহ নির্বাচন হচ্ছে। সকাল থেকেই সারাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা ও ভোটের অনুকূল পরিবেশ বিরাজ করছে বলেও মন্তব্য করেন সেনাপ্রধান।

জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, আমি সকালে খবর নিয়েছি, সারা বাংলাদেশে কোথায় কী ঘটছে। আমার কাছে যে খবর, অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে।

সেনাপ্রধান আরও বলেন, এই দিনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। যারা ভোট দিতে পারছেন না মিডিয়ার লোকজন আপনারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন। সারা দেশের পরিস্থিতি জনগণকে জানাচ্ছেন। জনগণ আশ্বস্ত হচ্ছেন। তারা ভোট দিতে যাচ্ছেন। ভোট দেওয়ার জন্য উৎসাহী হচ্ছেন।’


বেলা পৌনে ১২টার দিকে বিএএফ শাহীন কলেজে ভোট দিয়েছেন, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ভোট দেয়ার পর তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের চাওয়া পূরণ হয়েছে। এখন নতুন সরকারের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফেরার প্রত্যাশা তার।

এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চেয়েছিলাম। সেই চাওয়া পূরণ হয়েছে। কোথাও বিশৃঙ্খলার কোনো তথ্য নেই। সবাই ভোট দিতে আসুন। অনেক বছর পর উৎসব মুখর ভোট দেখছি। নতুন সরকারের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরতে চাই।