জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন।

প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি মহাসড়কে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়।

আজ প্রথম কর্মদিবস উপলক্ষে দুপুরে সচিবালয়ে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেলে সচিবালয়ে তার সভাপতিত্বে নবগঠিত মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের (সচিব) সঙ্গে বৈঠকে বসবেন তিনি।