রমজান মাসের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে পবিত্র রমজান মাস।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। 

সভায় আরও উপস্থিত ছিলেন– ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ কমিটির অন্য সদস্য ও বিশিষ্ট আলেমরা।

ধর্মমন্ত্রী বলেন, ১৪৪৭ হিজরি সালের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসক, ইসলামী ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা দিয়েছে।

তিনি বলেন, সেই হিসেবে আগামী ২৬ রমজান ১৬ মার্চ সোমবার দিবাগত রাত্রে পবিত্র লাইলাতুল কদর উদযাপিত হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক আমাদের সবার নেক আমলগুলো কবুল করুক।