দীর্ঘদিন ধরে ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে বলেও তিনি জানান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব বলেন, দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছিলাম, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো সেসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।
তিনি আরও বলেন, আমি সব থেকে বেশি ঋণী ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে। তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। তাদের এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি দায়িত্বশীলভাবে কাজ করতে চাই।
এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।