দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ সংক্রান্ত নিয়োগের প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এবং বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটিরও একজন সদস্য।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা রুহুল কুদ্দুস কাজল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য ছিলেন। পরবর্তীতে তাকে টিম লিডার করে দলের আইনি সহায়তা সাব-কমিটি গঠন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক এই ছাত্র ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। আইন পেশার পাশাপাশি তিনি কিছুদিন সাংবাদিকতাও করেছেন।

রুহুল কুদ্দুস কাজল সদ্য পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন। আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।