নতুন সরকারের প্রথম একনেক সভা শুরু, ১৭ প্রকল্প নিয়ে পর্যালোচনা

বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক বসছে আজ। 

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়েছে।  

এবারের সভায় ছোট-বড় মিলিয়ে মোট ১৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য পেশ করা হবে। এসব প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৫৭৮ কোটি ২২ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৮ হাজার ৭০৫ কোটি ২৫ লাখ টাকা ব্যয় করা হবে। 

এছাড়া বৈদেশিক ঋণ থেকে ২ হাজার ৮৫৭ কোটি ৩৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১৫ কোটি ৫৯ লাখ টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি তারেক রহমানকে সভাপতি এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিকল্প সভাপতি করে ৯ সদস্যের একনেক কমিটি পুনর্গঠন করা হয়। 

কমিটির অন্য সদস্যরা হলেন—অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল (স্বাস্থ্য) এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।