চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সঙ্কট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে প্রস্তাব প্রণয়নের লক্ষে একটি ‘মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার।
গত ৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় সদস্যের এই কমিটিতে আহবায়ক হিসেবে থাকছেন অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী।
কমিটির বাকি সদস্যরা হলেন- মন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়;
মন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয়; সচিব, অর্থ বিভাগ, সচিব, বিদ্যুৎ বিভাগ, সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এই কমিটিতে ‘সচিব’ বলতে সিনিয়র সচিবও অন্তর্ভুক্ত হবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, কমিটির প্রধান কাজ হবে বিদ্যমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি ও বিদ্যুৎ সঙ্কট মোকাবিলায় পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের মূল্যহার সমন্বয়ের বিষয়টি বিস্তারিত পর্যালোচনা করা। এই পর্যালোচনার ভিত্তিতে মন্ত্রিসভা-বৈঠকের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব প্রণয়ন করবে এই কমিটি।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিটি প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট (অন্তর্ভুক্ত) করতে পারবে এবং প্রয়োজনানুসারে কমিটির সভা অনুষ্ঠিত হবে। বিদ্যুৎ বিভাগ এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবিরের সই করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।